রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, অন্তত একটি রাজধানীর উত্তরার একটি হোটেলে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য ভিডিওটির অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
ক্রাইম ক্রনিকলের হাতে আসা দুটি নতুন ভিডিওর একটিতে রাজধানীর উত্তরার একটি হোটেলে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, হোটেলের রিসেপশনে দায়িত্বে থাকা একজনের সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে প্রবেশ করেন। পরে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে ও সময় কাটাতে দেখা যায়।
তবে ভিডিওতে থাকা নারী সংসদ সদস্যের দাবি অনুযায়ী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতেও এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরবর্তীতে এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি আরও জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে মরিয়ম আক্তারের বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারে অবস্থিত ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন বলে তিনি দাবি করেন।
এদিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) নতুন ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে সর্বশেষ ভিডিওতে গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকা নারী সত্যিই মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।