স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনালের ডিপো রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী গুরুত্বপূর্ণ স্থান। এসব এলাকায় বাস টার্মিনাল ও ডিপো থাকার কারণে প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নগর পরিকল্পনাবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা এসব টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের পরামর্শ দিয়ে আসছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজধানীর ভেতর থেকে এসব বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার উপকণ্ঠ বা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং নগরবাসী দীর্ঘস্থায়ী যানজট থেকে কিছুটা স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।