স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির একটি অনুষ্ঠানের আগেই হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দলটির নেতা–কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগেই এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা তিনটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে মঞ্চ ও প্যান্ডেলে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগও ওঠে।


এ ঘটনায় এনসিপির উপজেলা সংগঠক আল ফারাবী, জাতীয় যুবশক্তি জেলার যুগ্ম সদস্যসচিব ইমন, জেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তারেকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আল ফারাবীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।


এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামলাকারীরা ছাত্রদলের নেতা–কর্মী এবং দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে তারা হামলা চালিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ। তিনি বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।


এনসিপির নেতাদের দাবি, এর আগের দিনও অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও বাধার চেষ্টা করা হয়েছিল।


এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অনুষ্ঠানের আগে কিছু ব্যক্তি মঞ্চের অংশ ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনুষ্ঠান শেষ হয়। তিনি আরও জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।