স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বেলা ১১ টা থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া।
দলের বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড ব্যক্তিগত ও বিশ্রামজনিত কারণে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আইপিএল শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে ঢাকায় আসার কথা ছিল হেডের। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ছুটি নিয়েছেন।

অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গোড়ালির চোট পুরোপুরি না সারায় মার্শকে এই সিরিজে ঝুঁকি নিতে দেওয়া হচ্ছে না। ফলে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্বে দেবেন জস ইংলিশ।

তাদের পাশাপাশি খেলা হচ্ছে না লেগ স্পিনার তানভীর সাংঘারও। পাকিস্তান সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তানভীরও ছিটকে গেছেন।
এদিকে ট্রাভিস হেড ও মার্শের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তিকে বড়সড় ধাক্কা দিয়েছে। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দুজনই ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। তাদের থাকায় অস্ট্রেলিয়ার টপ অর্ডারে নতুন চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্য টাইগারদের।
অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটার না থাকলেও দলটিকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশ শিবির। কারণ বিকল্প খেলোয়াড়দের নিয়েও লড়াকু দল গঠনে সক্ষম অজিরা। তাই প্রথম ম্যাচ থেকেই জমে উঠতে পারে দুই দলের লড়াই।
ক্রিকেটপ্রেমীদের চোখ এখন মিরপুরের দিকে। শেষ পর্যন্ত হেড ও মার্শবিহীন অস্ট্রেলিয়াকে কতটা চাপে ফেলতে পারে বাংলাদেশ, তার উত্তর মিলবে কাল মাঠের লড়াইয়ে।