রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার জানান, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত নথি ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় রুল জারি করে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। তবে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে পৃথক আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন।

এর আগে ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত হত্যা মামলাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকার আদেশ সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইভীর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।