আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট ও ১১ জন আরোহী নিহত হয়েছেন। গত কয়েক দশকের মধ্যে দেশটিতে স্কাইডাইভিং বিমানের ক্ষেত্রে এটি অন্যতম বড় ও মারাত্মক দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় রোববার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে বাটলার মেমোরিয়াল এয়ারপোর্ট থেকে একক ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি উড্ডয়ন করে। বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত বিমানবন্দর ব্যবস্থাপক ডেনিস জ্যাকবস জানান, উড্ডয়নের পরপরই বিমানটি প্রয়োজনীয় উচ্চতা (ভিজ্যুয়াল অলটিটিউড) অর্জনে ব্যর্থ হয়। এরপরই আকস্মিকভাবে বাম দিকে মোড় নিয়ে রানওয়ে থেকে মাত্র ৩০০ গজ দূরে বিধ্বস্ত হয়।
মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, বিমানটি বিমানবন্দরের পাশের একটি মাঠে আছড়ে পড়ে এবং সাথে সাথেই আগুন ধরে যায়।
বিমানবন্দর ব্যবস্থাপক ডেনিস জ্যাকবস ধারণা করছেন, বিমানটি উড্ডয়নের পর তার শক্তি হারিয়ে ফেলেছিল। এপি-কে তিনি বলেন,"আমার মনে হয় পাইলট বিমানটিকে কোনোভাবে পাশের হাইওয়েতে নিয়ে জরুরি অবতরণ করানোর চেষ্টা করছিলেন। কিন্তু মাঝপথেই গতি হারিয়ে বিমানটি নাক থুবড়ে নিচে পড়ে যায়।"
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখনো তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে।
সিএনএন-কে এক মুখপাত্র জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা সোমবারই দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন। সিএনএন-এর বিমান নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সুসিও জ্যাকবসের ধারণার সাথে একমত পোষণ করেছেন। তবে উড্ডয়নের পর ঠিক কী কারণে ইঞ্জিনের ক্ষমতা কমে গিয়েছিল, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
সুসিও আরও উল্লেখ করেন, এই মডেলের বিমানের ইঞ্জিন সাধারণত অত্যন্ত নির্ভরযোগ্য হয়ে থাকে। তাই রক্ষণাবেক্ষণের ত্রুটি বা পাইলটের অভিজ্ঞতার ঘাটতি নয়, বরং জ্বালানিতে পানি মিশে যাওয়া কিংবা ফুয়েল ফিল্টারে কোনো সমস্যার কারণেও এমনটা ঘটে থাকতে পারে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি পরিচালনা করছিল ‘স্কাইডাইভ কানসাস সিটি’ নামের একটি প্রতিষ্ঠান। ১৯৯৮ সাল থেকে চালু থাকা এই কোম্পানির ইন্ডিয়ানাপোলিস এবং উইসকনসিনেও সহযোগী শাখা রয়েছে।
এক শোকবার্তায় কোম্পানিটি জানিয়েছে,"স্কাইডাইভ কানসাস সিটি এবং সামগ্রিক স্কাইডাইভিং সম্প্রদায়ের সাথে জড়িত সকলের জন্য এটি একটি চরম বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো তদন্তকারীদের সব ধরনের সহায়তা করা এবং শোকসন্তপ্ত কর্মীদের পাশে দাঁড়ানো। এই আকস্মিক দুর্ঘটনায় আমাদের পুরো দল স্তব্ধ। আমাদের এই ছোট কমিউনিটি এখন একে অপরের পাশে আছে।"