স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নারান্দিয়া গ্রামে ডাকাতিয়া নদীতে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব (১৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হন। প্রায় ১৮ ঘণ্টা পর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৯ মে শুক্রবার তার দুই বন্ধু নদী পার হতে পারলেও শিহাব পানিতে তলিয়ে যান।
স্থানীয় লোকজন প্রথমে নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে কুমিল্লা থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আসা ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত শিহাব চট্টগ্রামের নৌবাহিনী স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল মজুমদার শিপনের একমাত্র ছেলে।
শিহাবের বাবা জহিরুল ইসলাম শিপন বলেন, ‘ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। শুক্রবার দুপুরে তার তিন বন্ধুসহ তাল খাওয়ার জন্য ঘর থেকে বের হয়। পরে লোকজনের কাছ থেকে জানতে পারলাম, ডাকাতিয়া নদী সাঁতরে পার হওয়ার সময় আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে।’
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, তিনি ঘটনাটি লোকমুখে শুনেছেন, কিন্তু ছেলেটির পরিবার তাকে এ বিষয়ে কিছু জানায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।