নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে চীনের দালিয়ানে দুই দিনের কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে অনুষ্ঠিতব্য বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম) বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।



দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল আনুষ্ঠানিকতা, দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন কূটনৈতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।


চীনে যাত্রার আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিণী।


এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম, ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা এবং বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়া সফরে ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিলেও চীন সফরে প্রতিনিধি দলে আরও একজন সদস্য যুক্ত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সরকারি সূত্রগুলো বলছে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হতে পারে।