জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে দুই টনের বেশি টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা এই চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয়েছে যশোর সেনানিবাসে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বন্দর থেকে চালানটি খালাস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন।
তিনি জানান, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান থেকে চালানটি আনা হয়েছে। ১৪৫টি কাঠের বাক্সে করে আসা কাঁদুনে গ্যাসের মোট পরিমাণ দুই দশমিক শূন্য তিন টন।
বন্দর কর্মকর্তার ভাষ্য, চালানটি পৌঁছানোর পর শুল্কসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা হয়। এরপরই ছাড়পত্র দিয়ে সেটি গন্তব্যে পাঠানো হয়।
খালাস শেষে একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসে নেওয়া হয়। জানা গেছে, আগামী ৯ আগস্ট সেখান থেকে চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
পরিবহনের পুরো পথজুড়েই ছিল স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা। বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত চালানটির নিরাপত্তায় দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।
শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত বাকি পথের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। স্পর্শকাতর পণ্য হওয়ায় খালাস থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নজরদারিতে রাখা হয়।
উল্লেখ্য, বিস্ফোরক ও নিয়ন্ত্রিত পণ্য হিসেবে টিয়ার গ্যাস শেল আমদানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন এবং বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হয়।
তথ্যসূত্র: বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ