স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


মধ্যবিত্তের সাংস্কৃতিক ও রাজনৈতিক-অর্থনৈতিক প্রশ্ন মোকাবিলায় জুলাই-পন্থীরা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও অল্টারনেটিভ'স এর সংগঠক মাহফুজ আলম।


শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিপ্লব বা রাষ্ট্রীয় রূপান্তরের বিভিন্ন স্তর যথাযথভাবে অনুধাবন না করে কিছু ‘মুরব্বি’র পরামর্শে চলতে গিয়ে জুলাই-পন্থীরা ধীরে ধীরে ঢাকা শহর ও মফস্বলের মধ্যবিত্ত শ্রেণিকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।


মাহফুজ আলমের ভাষ্য, মধ্যবিত্তের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জুলাইয়ের আন্দোলন বড় আকার ধারণ করতে পারত না। তিনি দাবি করেন, মধ্যবিত্তের সমর্থন না থাকলে আন্দোলনটি আরেকটি ‘শাপলা’য় পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ত।


পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাঙালি জাতীয়তাবাদই এখন পর্যন্ত মধ্যবিত্তের প্রশ্ন মোকাবিলায় তুলনামূলকভাবে সফল হয়েছে। অন্যদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ এ ক্ষেত্রে সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।


জুলাই-পরবর্তী রাষ্ট্রচিন্তা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এখনো সময় আছে সর্বোচ্চ পরিসরে রাজনৈতিক ও সামাজিক মিত্রতা গড়ে তোলার। তিনি জুলাইয়ের রাষ্ট্রকল্পকে সামনে রেখে বৃহত্তর ঐক্য তৈরির আহ্বান জানান।


মাহফুজ আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।