স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক – এই তিন নেতা এক হলে এক সপ্তাহের মধ্যেই বর্তমান সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শনিবার পাঁচ দফা দাবিতে আয়োজিত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন কর্নেল অলি। তিনি বলেন, এই তিন নেতা একজোট হলে সরকার তখন পালানোর কোনো পথ পাবে না।
কর্নেল অলির ভাষ্যে, এই তিন নেতা একসঙ্গে এলে তাঁরা যেকোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে সক্ষম হবেন এবং টঙ্গী, যাত্রাবাড়ী ও মিরপুরের সড়ক একযোগে অবরোধ করে দিতে পারবেন। এমন পরিস্থিতিতে কে কোন দিকে অবস্থান নেবেন, সে প্রশ্নও তোলেন তিনি।
একই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই আরও তীব্র হবে বলে জানান তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও একই মঞ্চে বক্তব্য দেন। তিনি জানান, সিলেটের বিভাগীয় সমাবেশ শেষে এবার ঢাকার মহাসমাবেশ থেকে আসবে আরও বৃহৎ কর্মসূচির ডাক। গ্যাসসংকট, বিদ্যুৎ ও জ্বালানির ঊর্ধ্বমূল্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিন নেতা – শফিকুর রহমান, নাহিদ ইসলাম ও কর্নেল (অব.) অলি—একসঙ্গে সিলেটে পৌঁছান বলে জানা গেছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলা বৃহত্তর আন্দোলনের ধারাবাহিকতাতেই অনুষ্ঠিত হয় এই সমাবেশ।