বাজারদর ডেস্ক | ক্রাইম ক্রনিকল

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ঈদের পরপরই বাজারে সোনালি মুরগি ও বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়েছে। অন্যদিকে মাছের বাজারে ক্রেতা কম থাকায় অনেক দোকান বন্ধ দেখা গেছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার ও হাতিরপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে সোনালি মুরগির দাম কেজিতে ৪০ টাকা বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৩৪০ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থেকে কেজিপ্রতি ১৯০ টাকা রয়েছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে।

সবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম লক্ষ্য করা গেছে। কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় উঠেছে। কাঁচা পেপে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, যা আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা।

এ ছাড়া টমেটো ১৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৭০-৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং চিচিঙ্গা ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে পটোল ও লাউ। পটোলের কেজি ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা।

অন্যদিকে, ঈদের রেশ কাটতে না থাকায় মাছের বাজারে ক্রেতা উপস্থিতি ছিল কম। বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি, ছোট রুই ৩৫০-৩৮০ টাকা। বড় টেংরা মাছের কেজি ৬৫০ টাকা এবং মাঝারি টেংরা ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাশ ও তেলাপিয়ার দাম রয়েছে ২২০-২৫০ টাকা কেজি।