নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৪ এপ্রিল ২০২৬


রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাটি “অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত”। 


জামায়াতের অবস্থান তুলে ধরে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা বিবেচনা করি। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর কোনো ধরনের সহিংসতা সমর্থনযোগ্য নয়”।


প্রাথমিক অনুসন্ধানের বরাতে জামায়াত নেতা জানান, শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি বা বহিরাগতের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কাউকে প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।


তিনি আরও বলেন, “ঘটনার নেপথ্যে প্রকৃত কারা জড়িত এবং কীভাবে এ পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে। দলীয় কোনো কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে”।


বিবৃতিতে আহত দৈনিক ‘সকালের মাল্টিমিডিয়া’র রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। 


ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার ক্রান্তিলগ্নে রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে জামায়াত। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দল আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও বিবৃতিতে আশ্বস্ত করা হয়।