স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প ‘আরডিএস’-এর মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করতে ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ আনেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এটি পল্লী উন্নয়নমূলক প্রকল্প, যেখানে নারী গ্রাহক বেশি। ভোটের আগে অনেক নারীকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আরডিএস প্রকল্পের মাধ্যমে ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। তার মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হয়, চব্বিশের ৫ আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হতে আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়। এগুলোর কোনো হদিস নাই।'


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।’  তিনি দাবি করেন, নির্বাচনের দিন পর্যন্ত দেশ একটি ‘ফেসবুক সরকার’ দেখেছে এবং নির্দিষ্ট একটি মহল পর্দার আড়াল থেকে ব্যাংকটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।


এদিকে, ব্যাংকটির শেয়ার হস্তান্তর ও বকেয়া ঋণ আদায়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করার পাশাপাশি যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে। এছাড়া, নিয়ম না মেনে ব্যাংকটিতে চাকরিচ্যুত ৯ হাজার কর্মীর বিষয়টিও তদন্তের আওতায় আনার কথা জানান তিনি।