স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল

বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার অভিযানে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দুই ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। বিষয়টি সামনে এসেছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, যেখানে তিনি এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন।

জুলকারনাইন সায়েরের পোস্টে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ‘এম.বি’ ও ‘এস.বি.এস’ নামে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে সক্রিয় ছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা দেশের বিভিন্ন সংবেদনশীল তথ্য, রাজনৈতিক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর কাছে পাঠাতেন।

পোস্টে আরও দাবি করা হয়, গোয়েন্দা নজরদারিতে তাদের সীমান্তবর্তী কয়েকটি পথ ব্যবহার করে ভারতে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। সেখানে গিয়ে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন এবং ভারতের মালদা শহরের একটি স্টেশন হেডকোয়ার্টারে গিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য উপস্থাপন করতেন বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া, জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, তাদের ভারতের জলপাইগুড়ির বিন্নাগুরি সেনানিবাস এলাকায় প্রবেশের তথ্যও পাওয়া গেছে। ওই সেনানিবাস ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ড্রাইভসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব ডিভাইসের প্রাথমিক পর্যালোচনায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ভৌগোলিক তথ্য, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নজরদারি এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, ভারতের সামরিক গোয়েন্দা সংক্রান্ত কিছু নথি এবং দেশটির সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিদের তথ্যও উদ্ধার করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি, বাংলাদেশ বা ভারতীয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের পরই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।