নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল 


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা দেওয়া এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে।


সংশ্লিষ্ট মহল মনে করছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।