ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ১৮ দশমিক ৭২০ কেজি ওজনের ১৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়।


বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে সকাল প্রায় ৯টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 (দুবাই–চট্টগ্রাম–ঢাকা) ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ যৌথভাবে অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে মোট ১৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৮ দশমিক ৭২০ কেজি।




উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।