স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর বাসটি ঘাটে পৌঁছালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটি ফেরিতে ওঠার জন্য ৭ নম্বর পন্টুন এলাকায় প্রবেশ করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরপরই বাসটি পন্টুন থেকে সরাসরি নদীতে ছিটকে পড়ে। তবে প্রাথমিক অবস্থায় এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দৌলতদিয়া ঘাটে এমন দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর আরেকটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় নদী থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে একই ঘাটে আবারও একই ধরনের দুর্ঘটনা ফেরিঘাটের সার্বিক নিরাপত্তা ও চালকদের সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।