স্বাস্থ্য ডেস্ক | ক্রাইম ক্রনিকল
দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া, পানিশূন্যতা ও পেটের নানা সমস্যার প্রকোপও বাড়ছে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, এ সময় খাদ্যাভ্যাসে সামান্য অসতর্কতাও শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। তাই গরমে সুস্থ থাকতে খাবার বাছাইয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।
যেসব খাবার এড়িয়ে চলবেন
গরমের দিনে অতিরিক্ত মশলাযুক্ত ও চর্বিযুক্ত খাবার, যেমন বিরিয়ানি, তেহারি, ভুনা মাংস ইত্যাদি কম খাওয়াই ভালো। একইভাবে বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেনসহ ভাজাপোড়া ও ফাস্টফুড শরীরে পানিশূন্যতা বাড়াতে পারে।
আইসক্রিম ও কোমল পানীয় সাময়িক স্বস্তি দিলেও অতিরিক্ত চিনির কারণে পরে তৃষ্ণা আরও বাড়তে পারে। এছাড়া অতিরিক্ত চা-কফি, বাইরের খোলা খাবার, মেয়নেজ এবং অতিরিক্ত লবণ-চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবারও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যেসব খাবার রাখবেন খাদ্যতালিকায়
গরমে পর্যাপ্ত নিরাপদ পানি পান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৩ থেকে ৩.৫ লিটার পানি পান করা উচিত। এ সময় লাউ, ঝিঙে, চিচিঙ্গা, চালকুমড়া ও সজনেডাঁটার মতো পানিসমৃদ্ধ সবজি খেতে পারেন। ডাবের পানি, ওরস্যালাইন, লেবুর শরবত ও কাঁচা আমের শরবত শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
তরমুজ, শসা, জামসহ মৌসুমি ফল এবং টক দইও গরমের জন্য উপকারী। পাশাপাশি পাতলা সবজি স্যুপ ও লেবু-শসা-পুদিনা মিশ্রিত পানি শরীরকে সতেজ রাখতে সহায়তা করতে পারে।
পুষ্টিবিদরা বলছেন, সবার শরীরের চাহিদা এক নয়। তাই নিজের শারীরিক অবস্থা ও সহনশীলতা বিবেচনায় খাদ্যতালিকা নির্ধারণ করাই সবচেয়ে ভালো।