জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
তহবিল সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। টানা দুই মাস ধরে বেতন না পাওয়ায় প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মাসিক পরিচালন ব্যয় প্রায় ১৬ লাখ টাকা, যার মধ্যে বেতন বাবদ খরচ হয় প্রায় ১২ লাখ টাকা। সরকারি তহবিল থেকে সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন পরিশোধ করা হয়েছিল। এরপর আর কোনো অর্থ ছাড় না হওয়ায় বেতন-সংকট দেখা দেয়।
ঈদুল আজহা সামনে রেখে কর্মীদের সহায়তায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর ব্যক্তিগত তহবিল থেকে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সুদবিহীন ঋণ হিসেবে দিয়েছেন। তবে এখনো মার্চ ও মে মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদ বোনাসও দিতে পারেনি প্রতিষ্ঠানটি।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর সহায়তার লক্ষ্যে গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার সরকারি অনুদানসহ বিভিন্ন উৎস থেকে মোট ১১৯ কোটি টাকার তহবিল পেয়েছিল প্রতিষ্ঠানটি। ফাউন্ডেশন কর্তৃপক্ষের দাবি, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তা এবং দেশ-বিদেশে চিকিৎসা ব্যয়ের কারণে তহবিল দ্রুত কমে গেছে। বর্তমানে ব্যাংক হিসাবে প্রায় কোনো অর্থ নেই।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান বলেন, প্রতিষ্ঠানটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একাধিকবার সহায়তা চাওয়া হলেও কার্যকর সাড়া মেলেনি। অন্যদিকে সিইও কামাল আকবর জানান, নতুন অর্থবছর শুরু হলেও এখন পর্যন্ত কোনো নতুন বাজেট বরাদ্দ পাওয়া যায়নি। কর্তৃপক্ষের আশঙ্কা, দ্রুত অর্থায়নের ব্যবস্থা না হলে ফাউন্ডেশনের কার্যক্রম আরও ব্যাহত হতে পারে।