স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিঅনিক, আকাশ ও চান্ডি বাবুআদালতে উপস্থিত ছিলেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার নথি অনুযায়ী, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথ আটকায়।

 

একপর্যায়ে তারা সীমান্তকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

দুই দিন পর, ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমান্ত।

 

নিহত ওয়াজেদ সীমান্ত দেওভোগ এলাকার বাসিন্দা মো. আলম পারভেজের ছেলে।

 

আদালত সূত্র জানায়, এ ঘটনায় করা হত্যা মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও আদালতে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার অন্যান্য নথি পর্যালোচনা শেষে তিন আসামিকে সর্বোচ্চ শাস্তি দেন আদালত।

 

আদালত সূত্রে আরও জানা যায়, অনিক, আকাশ ও চান্ডি বাবুর বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

প্রায় ২০ মাস আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের মামলায় সোমবার আদালতের রায়ে তিন আসামির মৃত্যুদণ্ড হলো।