স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপের মঞ্চে উড়ন্ত ছন্দে থাকা ফ্রান্সের সামনে দাঁড়িয়েছিল স্পেন। কিন্তু তারকাখচিত ফরাসি দলকে কোনো সুযোগই দিল না লা রোহারা। দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।
ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্পেন। বল দখল, পাসিং ও আক্রমণে ফ্রান্সকে কোণঠাসা করে রাখে তারা। প্রথমার্ধে মিকেল ওইয়ারজাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলতে থাকে লুইস দে লা ফুয়েন্তের দল। পেদ্রো পোরোর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট পেয়ে যায় স্পেন।
কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলের মতো আক্রমণভাগের তারকারা থাকলেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি ফ্রান্স। মাঝমাঠেও আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হয় দিদিয়ের দেশমের শিষ্যরা।
এই জয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরল স্পেন। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের অপেক্ষায় লা রোহারা।
অন্যদিকে, দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা থেমে গেল সেমিফাইনালেই। স্পেনের সংগঠিত ফুটবলের কাছে হার মানল ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।