স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এ আদেশ দেন।
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও অনেকে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল প্রসিকিউশন।

ছবিতে ওপরে বাঁ থেকে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক; নিচে বাঁ থেকে হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ইমরান এইচ সরকার
এ মামলায় বর্তমানে নয়জন আসামি বিভিন্ন মামলায় গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল হক বাবু।
এর আগে সকালে একই ঘটনায় শেখ হাসিনা, জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
চিফ প্রসিকিউটর এর আগে জানিয়েছিলেন, ৫ মে দিনভর সমাবেশ শেষে রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতের কর্মী-সমর্থকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতারা।
মামলাটি করেন হেফাজতে ইসলামের নেতা জুনাইদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিকসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনালের আদেশের মাধ্যমে মামলাটি এখন আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল। পরবর্তী ধাপে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, আসামিদের হাজিরা এবং অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।