নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাতের অংশীদারত্ব আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ গুরুত্ব পায় জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা।
বৈঠকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে আইন প্রণয়নসংক্রান্ত সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর উদ্যোগের প্রশংসা করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে।
ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।