অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার মদনহাট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানালেন, গত মঙ্গলবার (২ জুন) বিকালে প্রতিবেশী এক নানির সঙ্গে জমিতে ঘাস কাটতে যায় ওই শিশু। পরে একা বাড়ি ফেরার পথে ফুচকা বিক্রেতা শরিফুলের সঙ্গে তার দেখা হয়। শিশুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার পাশে একটি ঘাসের জমিতে নিয়ে যান শরিফুল। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে জানায়, শরিফুল তাকে ধর্ষণ করেছেন। পরিবারের সদস্যরা তখন তাকে হাসপাতালে নিয়ে যান।

গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে শরিফুলকে তার বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করেন স্থানীয়রা। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানালেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।