স্পোর্টস ডেস্ক । ক্রাইম ক্রনিকল 


উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল শুরুর আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। নতুন হিসাব অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনাও।


কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার খেলবে স্পেন ও বেলজিয়াম। অপর দুই ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে-ইংল্যান্ড এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। এই আট দলকে নিয়েই সর্বশেষ ২৫ হাজার সিমুলেশন চালিয়ে সম্ভাবনার হিসাব করেছে অপটার সুপার কম্পিউটার।


বিশ্বকাপ শুরুর আগে অপটার পূর্বাভাসে শিরোপার প্রধান দাবিদার ছিল স্পেন। দ্বিতীয় স্থানে ছিল ফ্রান্স, এরপর ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে নকআউট পর্বের পারফরম্যান্স এবং প্রতিপক্ষের শক্তিমত্তাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর নতুন পূর্বাভাসে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।


সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৭.৩ শতাংশ। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৯ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৪.৩ শতাংশ


দ্বিতীয় স্থানে থাকা স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ


তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন লড়াইয়ের পরও লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭.৩ শতাংশ বলে দেখাচ্ছে অপটার মডেল। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.১ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ


চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। থমাস টুখেলের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.৫ শতাংশ, সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২.৪ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৫ শতাংশ


অন্যদিকে নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামকে তুলনামূলকভাবে পিছিয়ে রেখেছে অপটার সুপার কম্পিউটার। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশেরও নিচে।


অপটার সুপার কম্পিউটারের সর্বশেষ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা:

  • ফ্রান্স — ২৭.৩%
  • স্পেন — ২১.৩%
  • আর্জেন্টিনা — ১৭.৩%
  • ইংল্যান্ড — ১৬.৫%
  • নরওয়ে — ৬.৬%
  • সুইজারল্যান্ড — ৩.৮%
  • মরক্কো — ৩.৭%
  • বেলজিয়াম — ৩.৬%