স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল


২০২৬ ফিফা বিশ্বকাপে গোলের ঝড় তুলছেন ফুটবলের সবচেয়ে বড় তারকারা। গতকাল রাতেই আর্জেন্টিনাকে জিতিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে আরও শক্ত অবস্থান নিয়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন তিনি। 




মেসির দুর্দান্ত পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৩ টায় শুরু হওয়া ম্যাচে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে এমবাপ্পে করেছেন দুই গোল।




এর পরপরই সেনেগালকে ৩-২ ব্যবধানে হারানোর পথে নরওয়ের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ডও।




বিশ্বকাপ এখন যেন তিন মহাতারকার গোল উৎসবের মঞ্চ। মেসি এরই মধ্যে করে ফেলেছেন ৫ টি গোল। এমবাপ্পে ও হালান্ডের গোল ৪ টি করে। এছাড়া গোলের দেখা পেয়েছেন হ্যারি কেন, ভিনি, ডেম্বেলে, ইয়ামালরাও।


এখন সবার নজর আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। পর্তুগালের অধিনায়ক এখনও এই বিশ্বকাপে নিজের সেরা ছন্দ খুঁজে পাননি। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। 


তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর রয়েছে জবাব দেওয়ার সুবর্ণ সুযোগ। ফিফা র‍্যাংকিং এ ৫০ নম্বরে থাকা এশিয়ার এ দলটি এবারই প্রথমবার অংশ নিয়েছে বিশ্বকাপে।  


ফুটবল বিশ্বের শত কোটি সমর্থকের এখন একটাই প্রশ্ন—মেসি, এমবাপ্পে ও হালান্ডের পর আজ কি গোলের খাতায় নাম লেখাবেন রোনালদোও? নাকি আবারও অপেক্ষা বাড়বে তার ভক্তদের?




তবে নামটা যখন রোনালদো, সম্ভব যেকোনো কিছুই। এর আগেও অসংখ্যবার এমন পাহাড়সম চাপ সামাল দিয়েছেন, অসামান্য পারফর্ম্যান্সে চুপ করিয়ে দিয়েছেন নিন্দুকদের। আজ কি তবে তেমনই একটি রাত?