নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সবচেয়ে ব্যস্ত ট্রাফিক সিগনালগুলোর একটি বিজয় সরণি। সাধারণত এখানে একটি গাড়ি পার হতে ১০ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে। তবে এখন এই সিগনাল পার হতে মাত্র ৫৪ সেকেন্ড সময় লাগে।
চারদিক থেকে আসা গাড়িগুলো সিগনাল মেনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা নেই, তবু কেউ সিগনাল ভাঙছে না। কারণ এখন এআই-ভিত্তিক মামলার ভয় রয়েছে।
একদিকে ঈদের ছুটিতে সড়কে যানবাহন ও মানুষ কম, অন্যদিকে এআই মনিটরিং শৃঙ্খলা এনেছে। ফলে নগরীর যান চলাচল হচ্ছে নির্বিঘ্ন গতিতে। এই পরিস্থিতি নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে সন্তোষ থাকলেও তারা শঙ্কা প্রকাশ করছেন যে ক্ষণিকের এই স্বস্তি খুব শিগগিরই ফুরিয়ে যাবে।
নগরবাসীর বক্তব্য, শুধু ঈদের সময় নয়, বছরের প্রতিটি দিনেই তারা এমন সুশৃঙ্খল সড়ক দেখতে চান। তারা সরকারকে ঈদের সময়ের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।