স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে একাই তিন গোল করে তিনি একাধিক রেকর্ডের সমান অবস্থানে পৌঁছে গেছেন।
এই ম্যাচের পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-এ, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসে-এর সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। পরের ম্যাচে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।
শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও সমতায় আছেন মেসি। এখন পর্যন্ত তার বিশ্বকাপ জয়ের সংখ্যা ১৬টি, যা ক্লোসের সমান। পরের ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে এই রেকর্ডও এককভাবে নিজের করে নিতে পারেন তিনি।
আরেকটি রেকর্ডের দিকেও নজর এখন মেসির। বিশ্বকাপে দূরপাল্লার শটে তার গোলসংখ্যা এখন পাঁচে পৌঁছেছে। এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ফলে আর একটি দূরপাল্লার গোল করলেই সেই রেকর্ডও ভেঙে ফেলবেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফলে পরের ম্যাচেই মেসির সামনে একসঙ্গে তিনটি বড় বিশ্বকাপ রেকর্ড নিজের করে নেওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।