স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে।
এর আগে, গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগের মাস এপ্রিলেও রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।
চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহ বৃদ্ধি, ব্যাংকিং সুবিধার সম্প্রসারণ এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।