সুনামগঞ্জ প্রতিনিধি। ক্রাইম ক্রনিকল 


ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা।


বর্তমানে তিনি কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়-এর একজন শিক্ষার্থী। বিশ্বকাপকে ঘিরে কানাডার টরন্টো শহরে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। এসব অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন, যা তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে।


ফাইজার এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কানাডাপ্রবাসী মুস্তাক আহমেদ চৌধুরী। তিনি বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। একই সঙ্গে দিরাইসহ পুরো বাংলাদেশের জন্যও আনন্দের সংবাদ।”


পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজা কানাডায় বসবাসরত সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি ও টরন্টো দিরাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুস্তাক আহমেদ চৌধুরী এবং সাবরিনা আক্তার জাহান চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষা ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন আত্মবিশ্বাসী তরুণ নেতৃত্ব হিসেবে গড়ে তুলেছেন।


উল্লেখ্য, ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ আগামী বছর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপকে ঘিরে অংশগ্রহণকারী দেশগুলোতে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে ফাইজার মতো মেধাবীরা এসব আন্তর্জাতিক আয়োজনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।