স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের গত তিন মাসে দেশে যে উন্নয়ন কাজ হয়েছে, তা বিগত ১৫ বছরের তুলনায় বেশি।


শনিবার (২০ জুন ২০২৬) মুন্সীগঞ্জের গজারিয়ার একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করে দেব। গত তিন মাসে যে কাজ হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি।”


তিনি আরও জানান, গজারিয়ার বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজের নির্মাণকাজ চলতি বছরের মধ্যেই শুরু করা হবে।


এর আগে তিনি ভবেরচর বাজারে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুইতলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। পরে কালীগাছতলা–ব্র্যাক অফিস–ইমামপুর দুই কিলোমিটার সড়ক পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রসূলপুর খেয়াঘাট এলাকায় ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।