স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্য এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সোমবার (১৭ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হওয়ায় তিনি আনন্দিত।
চুক্তিটিকে তিনি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো কীভাবে একত্র হচ্ছে, তা প্রতিফলিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চুক্তিতে যা রয়েছে
গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে চুক্তিটি সই হয়।
এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বিষয়টি সামরিক জোট ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির লক্ষ্য সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকারও রয়েছে।
যে প্রেক্ষাপটে এই চুক্তি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়ার বিষয়েও চুক্তিতে সম্মত হয়েছে।
তথ্যসূত্র: আরব নিউজ