অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।


ওসি হুমায়ূন কবির মোল্লা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।