আন্তর্জাতিক ডেস্ক। ক্রাইম ক্রনিকল
ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি পাথর খনিতে বিশাল শিলা ধসে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাদাপাট্টানা গ্রামের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে স্থানীয় পুলিশ জানিয়েছে, কাবেরী কোম্পানির মালিকানাধীন খনিটিতে খননকাজ চলার সময় ওপরের দিক থেকে একটি বিশাল শিলাখণ্ড আলগা হয়ে নিচে কাজ করা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেন, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু থেকে শিলাখণ্ডটি নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়।
খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহত শ্রমিকদের বেশির ভাগই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা। তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হচ্ছে।
দুর্ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বলেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। মাটির ক্ষয়ের কারণে শিলাটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে খনিটি নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।
তিনি আরও বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।