আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল 


ভারতের জয়পুরে প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জনতার ক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভস্থলে তাকে একাধিকবার চড় মারার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।


ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জয়পুরের শহীদ স্মারকে অনুষ্ঠিত বিক্ষোভে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমর্থকদের কাঁধে চড়ে জনতার মধ্যে দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক অভিজিৎ দিপকেকে লক্ষ্য করে আঘাত করেন।


ঘটনার পরপরই বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিজিৎ দিপকের সমর্থকেরা অভিযুক্ত যুবকদের ধরে মারধর করেন। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরও বড় ধরনের সংঘর্ষ এড়াতে ব্যবস্থা নেয়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।


বিক্ষোভে অংশগ্রহণকারীরা পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং দেশে ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদ জানান। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে দুর্নীতিবিরোধী বার্তা দেখা যায়। একই সঙ্গে নিট (NEET) পরীক্ষাকে ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান সংকট নিয়ে তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, এ ঘটনা তারই বহিঃপ্রকাশ।