আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ইরানের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গতিপথে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সমঝোতা আগামী ৫০ বছরের জন্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে মৌলিকভাবে বদলে দেওয়ার সক্ষমতা রাখে।
তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক এই চুক্তি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সফল হয়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির নতুন অধ্যায় শুরু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গড়ে উঠলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। নতুন বাস্তবতায় অঞ্চলজুড়ে সমৃদ্ধি ও সফলতার সুযোগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।