আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে পুঁতে রাখা মাইন অপসারণের কাজ সম্পন্ন হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমেরি।
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণালিটি সম্পূর্ণ নিরাপদ হিসেবে ঘোষণা করতে হলে সেখানে থাকা সব মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে হবে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচল যেন কোনো সামরিক নজরদারি বা নিয়মিত নিরাপত্তা তৎপরতা ছাড়াই নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুক্রবার সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালি মাইন অপসারণের উদ্দেশ্যে পুনরায় খুলে দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান কার্যত হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে দেয়। বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।
মার্ক মন্টগোমেরির মতে, জাহাজ চলাচল স্বাভাবিকভাবে শুরু হলেও বৈশ্বিক জ্বালানি বাজার পুরোপুরি স্বস্তি ফিরে পেতে প্রায় দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে পরিস্থিতির উন্নতির প্রাথমিক ইতিবাচক প্রভাব এক সপ্তাহের মধ্যেই দেখা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।