আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সদ্য চূড়ান্ত হওয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন। যদিও হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এমন সম্ভাবনার কথা জানিয়েছে।

গত কয়েক দিন ধরে মার্কিন গণমাধ্যমগুলোতে ভ্যান্সের সম্ভাব্য সফর নিয়ে নানা আলোচনা চলছিল। শুরুতে ধারণা করা হয়েছিল, চুক্তি স্বাক্ষরের স্থান হতে পারে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সে কারণে ভাইস প্রেসিডেন্টের সফরসূচি এবং মার্কিন সামরিক ও সরকারি বিমানের গতিবিধিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকরা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বিষয়গুলো চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জেডি ভ্যান্সের সরাসরি উপস্থিতি এই চুক্তিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। আর ট্রাম্প স্বয়ং অনুষ্ঠানে অংশ নিলে তা তাঁর প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে উপস্থাপিত হতে পারে।