আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


ভারতের আসাম রাজ্যের জোড়হাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানের সহ-পাইলট প্রাণে বেঁচে গেলেও তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার (১৩ জুন) অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজন সদস্য নিহত হয়েছেন।


বাম থেকে ডানে: স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।


প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি বিমানঘাঁটির ভেতরে অবতরণের পরপরই আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ দল পাঠানো হয় এবং উদ্ধার তৎপরতা শুরু করা হয়।


এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এএন-৩২ বিমানটি দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় পাঁচজন সদস্যের মৃত্যু হয়েছে। আহত সহ-পাইলটকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


দুর্ঘটনার পর বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমও চালু করা হয়।


বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় বিমানবাহিনী একটি তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) গঠনের নির্দেশ দিয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হবে।


তবে তাৎক্ষণিকভাবে বিমানটি কেন দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।