ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল


উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


মঙ্গলবার রাতে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে ঘটনাটি ঘটে। সংঘর্ষে জড়ায় স্থানীয় দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা।


ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ এবং শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।



ছবি: ক্রাইম ক্রনিকল 


যেভাবে সূত্রপাত

জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুসের আগমন উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


গভীর রাতেও মাইকে উচ্চ শব্দে গান বাজতে থাকে। পরদিনের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে শব্দ কমানোর অনুরোধ নিয়ে অনুষ্ঠানস্থলে যান কয়েকজন মাদরাসা শিক্ষার্থী।


শিক্ষার্থীদের অভিযোগ, অনুরোধ সত্ত্বেও সাউন্ড না কমিয়ে পুলিশ তর্কে জড়ায়। একপর্যায়ে লাঠিচার্জ শুরু হয় বলেও তাঁরা দাবি করেন।


এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ লাইন্স ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিচারের দাবি

ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মাদরাসা শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।


এ বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


তথ্যসূত্র: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র