আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
হরমুজ প্রণালির কাছাকাছি একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক ও জোরালো প্রতিবাদ জানিয়েছে ভারত। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বানও জানিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তেলবাহী জাহাজ ‘এমটি সেত্তেবেলো’-তে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে ভারতের উদ্বেগ ও আপত্তির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।
এর আগে ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, বুধবার ওমান উপসাগরে হামলার শিকার একটি তেলবাহী জাহাজ থেকে তিন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, বারবার নির্দেশনা অমান্য করার পর জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে একটি মার্কিন যুদ্ধবিমান নির্ভুল হামলা চালায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অসীম মহাজন জানান, এমটি সেত্তেবেলো জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ছিলেন ভারতীয় নাগরিক। হামলার পর ২১ জন ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিহত হন।
এদিকে একই দিনে ওমান উপকূলের কাছে আরেকটি বাণিজ্যিক জাহাজেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমটি জলবীর’ নামের ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ধারাবাহিকভাবে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।