আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টায় (ইউএস ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযান শুরু করে। সেন্টকম এই হামলাকে "ইরানের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে একটি আনুপাতিক প্রতিক্রিয়া" বলে অভিহিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই অভিযানে মূলত দক্ষিণ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী "যেকোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।"


এর আগে গত সোমবার হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাপাচে’ হেলিকপ্টার ভূপাতিত করা হয়। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে একটি মার্কিন ‘সি ড্রোন’ (সমুদ্রযান ড্রোন) ব্যবহার করে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।


মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই সংঘাতের ঘটনা ঘটলো। এর ঠিক আগে গত সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর পরপরই হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করা এবং জবাবে ইরানে মার্কিন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।