আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ডেনমার্কে ক্ষমতা ধরে রাখলেন সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা মেটে ফ্রেডেরিকসেন। সোমবার তিনি একটি নতুন মধ্য-বামপন্থী জোট সরকার গঠনে সমঝোতার কথা ঘোষণা করেছেন। প্রায় আড়াই মাস রাজনৈতিক টানাপোড়েনের পর গঠিত এই নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারী মন্ত্রীরা সংখ্যায় পুরুষ মন্ত্রীদের ছাড়িয়ে গেছেন।


২১ সদস্যের এই নতুন মন্ত্রিসভায় ১১ জন নারী ও ১০ জন পুরুষ মন্ত্রী রয়েছেন। এর আগে ২০১৪ সালে ডেনমার্কের এক মন্ত্রিসভায় নারী ও পুরুষ মন্ত্রীর সংখ্যা সমান (১০ বনাম ১০) হলেও, এবারই প্রথম নারীরা সংখ্যায় এগিয়ে গেলেন।


গত ২৪ মার্চের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে ক্ষুব্ধ ডেনিশ ভোটারদের রায়ে ফ্রেডেরিকসেনের মধ্যপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও, পার্লামেন্টের ১৭৯টি আসনের মধ্যে তার সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি সর্বোচ্চ ৩৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে টিকে থাকে। দুই মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক দর-কষাকষির পর অবশেষে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বে সোশ্যাল ডেমোক্র্যাটস, মডারেটস ও ভেনস্ট্রে (লিবারেল) পার্টির এই জোট সরকারের ঘোষণা আসে।


এই সংখ্যালঘু মন্ত্রিসভা গঠনের চুক্তির মাধ্যমে ফ্রেডেরিকসেন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তিনি ২০১৯ সাল থেকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর পদে আছেন।


নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিকোলাই ভামেন (৩৮)। তিনি ফ্রেডেরিকসেনের ঘনিষ্ঠ ও দলের উদীয়মান নেতা হিসেবে পরিচিত। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন লারস লোক্কে রাসমুসেন, যিনি পূর্বে দুই মেয়াদে ডেনমার্কের প্রধানমন্ত্রী ছিলেন।


সরকার গঠন শেষে সাংবাদিকদের ফ্রেডেরিকসেন বলেন, "আমি মহামান্য রাজার সাথে দেখা করেছি এবং দীর্ঘ আলোচনার পর সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছি। এটি একটি ঐতিহাসিক সরকার। প্রথমবারের মতো ডেনমার্কের মন্ত্রিসভায় নারীরা সংখ্যাগরিষ্ঠ।"


তবে তিনি স্বীকার করেন যে এটি একটি সংখ্যালঘু সরকার। ফলে সংসদে যেকোনো আইন বা বাজেট পাসের ক্ষেত্রে তাদের অন্যান্য দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে। নতুন এই মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।