আন্তর্জাতিক ডেস্ক। ক্রাইম ক্রনিকল


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস–কে পরাজিত করেন।



পররাষ্ট্র মন্ত্রী ড খলিলুর রহমান 


নির্বাচনে জাতিসংঘের ১৯০টি সদস্যদেশ অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।


এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক–এর স্থলাভিষিক্ত হবেন।


কূটনৈতিক মহলে এই জয়কে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বহুপাক্ষিক কূটনীতি, শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসল বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ভোটগ্রহণের সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে। ছবি: সংগৃহীত 


কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ, শান্তিরক্ষা মিশনে অবদান এবং উন্নয়নশীল দেশগুলোর পক্ষে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে এই নির্বাচনে বাংলাদেশ ব্যাপক সমর্থন পেয়েছে।


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেবেন ড. খলিলুর রহমান।