সিরাজগঞ্জ প্রতিনিধি। ক্রাইম ক্রনিকল 


‘প্রলোভনে মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস।


এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রিমন হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।