আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরে ডেনিশ পার্লামেন্টে হাসাহাসির ঘটনা ঘটেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইউরোনিউজের ফ্যাক্ট-চেকিং বিভাগ ‘দ্য কিউব’।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা শুনে ডেনমার্কের পার্লামেন্ট সদস্যরা উচ্চহাস্যে ফেটে পড়েন। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওগুলোর সঙ্গে গ্রিনল্যান্ড বা ট্রাম্পের কোনো সম্পর্ক নেই।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউরোনিউজ জানতে পারে, ভিডিওটি ২০১৯ সালের ৩ অক্টোবর ডেনিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এক অধিবেশনের। সেই অধিবেশনের ভিডিও ও বক্তব্যের প্রতিলিপি ডেনিশ পার্লামেন্টের ওয়েবসাইটেও প্রকাশিত রয়েছে।
ওই অধিবেশনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একটি উট ও চারটি সার্কাসের হাতি কেনার সরকারি সিদ্ধান্ত ব্যাখ্যা করছিলেন। বন্য প্রাণী নিয়ে সার্কাস পরিচালনায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর প্রাণীগুলো কিনতে সরকার প্রায় ১৫ লাখ ইউরোর বেশি ব্যয় করে, যা সে সময় বিতর্কের জন্ম দিয়েছিল।
প্রধানমন্ত্রী জানান, ‘আলি’ নামের উটটিকে হাতিগুলোর সঙ্গে কেনার পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ প্রাণীগুলো নাকি পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তবে পরে জানা যায়, বাস্তবে তাদের মধ্যে এমন সম্পর্ক ছিল না। এ কথা বলতে গিয়েই তিনি নিজে হাসিতে ভেঙে পড়েন এবং সংসদ কক্ষেও হাসির রোল ওঠে।
এদিকে শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মেটে ফ্রেডেরিকসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প এখনো ‘খুবই সিরিয়াস’ বলে তিনি মনে করেন। যদিও সাম্প্রতিক সময়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ইস্যুতে উত্তেজনা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছিল।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডাভোস বৈঠকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হওয়ার কথা জানানো হয়। তবে এর বিস্তারিত এখনো স্পষ্ট নয়। ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডে ‘পূর্ণ প্রবেশাধিকার’ নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ন্যাটো আর্কটিক অঞ্চলে কৌশলগত নিরাপত্তা উপস্থিতি জোরদারে সম্মত হয়েছে।
ফ্যাক্ট-চেকারদের মতে, ভাইরাল ভিডিওটি সত্য হলেও সেটিকে ট্রাম্প ও গ্রিনল্যান্ড ইস্যুর সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে, যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে।
তথ্যসূত্র: ইউরো নিউজ।