স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় রাজনৈতিক জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দলের কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে দলটি।
শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে। এরপরও কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও, এখন থেকে জোটের সব ধরনের কার্যক্রম ও কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দলটি জানিয়েছে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে সে বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে জোটের কোনো সমাবেশ, ব্যানার বা প্রচারণায় দলের নাম কিংবা নেতাদের পরিচয় ব্যবহার না করার জন্য।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।