ক্যাম্পাস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। পদত্যাগের বিষয়টি তিনি নিজেই খুদে বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩১ মে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে অধ্যাপক ওবায়দুল ইসলাম উল্লেখ করেন, অনিবার্য ব্যক্তিগত কারণে তার পক্ষে সংগঠনের সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং কার্যক্রমে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার কর্মব্যস্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ইউট্যাবের কার্যক্রমে আগের মতো সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। সংগঠনের বৃহত্তর স্বার্থ ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইউট্যাবের কয়েকজন নেতার দাবি, সংগঠনের মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের সঙ্গে মতবিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বও পদত্যাগের পেছনে ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পদত্যাগের কারণ জানতে চাইলে খুদে বার্তায় অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “ইউট্যাবের মতো বড় সংগঠনে সময় দেওয়ার মতো সময় আমার নেই।”