স্টাফ করেসপন্ডেন্ট, সুপ্রিম কোর্ট 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালইয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারক মো. হাবিবুল গনিকে তার শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।


শপথ গ্রহণের মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেবেন। তাঁর যোগদানের পর আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে পাঁচজনে।


বিচারপতি হাবিবুল গনি দীর্ঘদিন হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করে আসছেন। সুপ্রিম কোর্টের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তাঁর জন্ম ১৯৬২ সালের ৩১ মে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল বার কাউন্সিলের মাধ্যমে চট্রগ্রাম জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাক্টিস করার পারমিশন পেয়ে ওকালতি শুরু করেন।


২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করার পর ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম শুরু করেন বিচারপতি হাবিবুল গনি।